বুধবার ৪ নভেম্বর ২০২৬

বায়োমেট্রিকের সময় বাড়ছে না, পুরনো সিম তোলার সুযোগ

biomatricআঙুলের ছাপে (বায়োমেট্রিক পদ্ধতি) সিম নিবন্ধনের সময় বাড়ছে না। ঘোষিত সময় অনুয়ায়ী ৩১ মে মঙ্গলবার সিম নিবন্ধের সময় শেষ হচ্ছে। তবে দুই মাসের মধ্যে পুরোনো সিম নতুন করে তোলার সুযোগ রাখা হচ্ছে- এসব জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রি-রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম ঘোষণা অনুযায়ী ডিঅ্যাকটিভ হয়ে যাবে। তবে গ্রাহকরা নতুন করে সিম কিনে নেয়ার সময় পাবেন দুই মাস। প্রবাসী বাংলাদেশিরা জন্য এ সুযোগ থাকবে আরও ১৮ মাস।

তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ছয় অপারেটরের মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি আট লাখ ৮১ হাজার। এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবদ্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সিম নিবন্ধনে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ দিনে (৩১ মে) সিনিয়র সিটিজেনদের (ষাট ও ষাটোর্ধ্ব বয়সের প্রবীণ) জাতীয় পরিচয়পত্রের সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

ওই দিন সকালে থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রবীণরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্পের আঞ্চলিক ও কেন্দ্রীয় অফিসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। এ ছাড়া ১৬১০৩ নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারবেন সমস্যা সমাধানে কোথায় যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি। ৩১ মে নিবন্ধনের শেষ দিনে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আমরা সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দেব। অনেক ক্ষেত্রেই বয়সের কারণে তাদের আঙ্গুলের ছাপ মেলেনি। সমস্যা সমাধানের জন্য আমরা প্রথম আধা বেলা তাদের (সিনিয়র সিটিজেন) জন্য রেখে দিচ্ছি। এনআইডির ৫১৪টি আঞ্চলিক ও রাজধানীর আগারগাঁওয়ের অফিসে এসে তারা সমস্যা সমাধান করতে পারবেন।’

সিনিয়র সিটিজেনসহ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত, আঙ্গুলের ছাপ না মেলার সমস্যার সমাধান কোন অফিসে গিয়ে করবেন তা ১৬১০৩ নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারেন বলেও জানান তারানা হালিম।

গত বছরের ১৬ ডিসেম্বর দেশে আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। তখন নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয় ৩০ এপ্রিল। পরে এ সময় ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার সিম পুনঃনিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। শনিবার (২৮ মে) পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে।

বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত একটিসহ মোট ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। বিটিআরসির এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, দেশে মোট মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার।

আরও পড়ুন