ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দির মডেল বাজার এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আটজন। এ সময় মহাসড়কের ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রাকচালকদের নিকট থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় ওই স্থানে আসা মাত্রই সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে পার্শ্বের একটি জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা অজ্ঞাত ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত আটজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করে।
একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। প্রায় ১ ঘণ্টা পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও নবনির্বাচিত স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মজিবুর রহমান।


