অস্ত্র–গুলিসহ রোববার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় বনদস্যু ‘মাস্টার বাহিনীর’ আত্মসমর্পণের অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে পরবর্তী তারিখ জানানো হবে।
দুপুর ১২টার দিকে র্যাব–৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম এ কথা জানিয়েছেন। র্যাবের কাছে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখসহ সাতজনই আছে বলে জানান তিনি। বলেন, মোস্তফা শেখের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বড়কাটালি গ্রামে। ওই বাহিনীতে আরও সদস্য আছে কি না, তা জানতে তদন্ত চলছে।
র্যাব কর্মকর্তা জানান, মাস্টার বাহিনী ৫১টি অস্ত্র ও কয়েক হাজার গুলি র্যাবের কাছে জমা দিয়েছে।
সকালে র্যাব–৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, ৩ মে মাস্টার বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের জন্য আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে র্যাব–৮ এর দল চরপুটিয়ায় যায়। রোববার দুপুরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের চরপুটিয়ায় যাওয়ার কথা ছিল। তারা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।


