বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা-চেক লুট

grakokke guliটাকা জমা দিতে যাওয়ার সময় ব্যাংকের সিঁড়িতে এক ব্যক্তিকে গুলি করে নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত ব্যক্তির নাম হাসানুল ফারুক (৫৫)। তিনি রেজাউল করিম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের শাখার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আহত ফারুকের দাবি, তার কাছ থেকে নগদ ১০ লাখ ৮ হাজার টাকা ও ৪ লাখ ৫০ হাজার টাকার চেক লুট করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি হাসানুলের মাথার পাশে আঘাত করে বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতালে হাসানুল ফারুক বলেন, তিনি ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলেন। ঢোকার পথে ব্যাংকের প্রথম তলার সিঁড়িতে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী তার গতিরোধ করে। তারা টাকার ব্যাগ ধরে টানতে থাকে। তিনি ব্যাগ জাপটে ধরে রাখার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ করে গুলি করে। পরে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

হাসানুল আরও বলেন, তুহিন নামের এক যুবকের মোটরসাইকেলে করে তিনি ব্যাংকে আসেন। তুহিন তাকে ব্যাংকের সামনে নামিয়ে রেখে চলে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংকের পাশের এম কালাম পেট্রলপাম্পের ব্যবস্থাপক ওসমান আলী বলেন, দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় তিনি ধরতে চেষ্টা করেন। তখন তারা ফাঁকা গুলি ছুড়ে দুটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান বলেন, ব্যাংকের সিঁড়িতে ঘটনাটি ঘটেছে। এ সময় গ্রাহকদের ভিড় ছিল না। তারা কেবল ব্যাংক খুলে বসেছেন। হঠাৎ করে গুলির শব্দে ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি শুরু করেন। তারা তিনটি গুলির শব্দ শুনেছেন বলে জানান। পরে টাকা লুটের ঘটনা শুনতে পান।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন