সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই ঘুরেফিরে একটিই প্রশ্ন—ফাইনালে থাকবেন তো মুস্তাফিজুর রহমান? বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বলেই জানিয়েছিল তাঁর দল। তবে টসের আগমুহূর্ত পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। মুস্তাফিজ নিজেই জানালেন, আজ তিনি খেলছেন।
মুস্তাফিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটু আগে জানানো হয়েছে, ফাইনালে খেলছেন তিনি। মাঠেও মুস্তাফিজকে অনুশীলন করতে দেখা গেছে। পূর্ণ রানআপেই বোলিং করার প্রস্তুতি নিতে দেখা গেছে মুস্তাফিজকে। সে ক্ষেত্রে সাকিব আল হাসানের পর মুস্তাফিজই হবেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি আইপিএলের ফাইনাল খেলবেন। দুটি ফাইনাল খেলে দুবারই বিজয়ী হয়েছেন সাকিব।
মুস্তাফিজ কী পাবেন সেই সৌভাগ্যের ছোঁয়া?
ভারতের মাটিতে মুস্তাফিজ-রাজত্ব বিশ্বকাপ শেষে আইপিএলেও ছড়িয়েছে। ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে গ্রুপ পর্ব পেরোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ‘কাটার মাস্টার’। এই মুহূর্তে তাই কান পাতলেই আসে শুধুই মুস্তাফিজ-স্তুতি। তাঁদের কথা, এই মুহূর্তে মুস্তাফিজই সেরা। এমনকি অনেকে তাঁকে লাসিথ মালিঙ্গার চেয়েও এগিয়ে রাখছেন।
ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত আছেন তাঁদের দলে, ‘বর্তমানে তার চেয়ে ভালো খুব বেশি নেই। তাকে সেরা বলতে হলে এভাবে আরও কিছুদিন খেলতে হবে। তবে এখনকার বোলারদের মধ্যে অন্যদের চেয়ে সে এগিয়ে।’
শ্রীকান্ত একা নন, মনোজ প্রভাকরও মুগ্ধ মুস্তাফিজে, ‘বর্তমানে মুস্তাফিজই যে সেরা বোলার, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। ইয়র্কার দেওয়ার জন্য শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাই বিখ্যাত। কিন্তু বর্তমানে নিজের সেরা সময় কাটাচ্ছে মুস্তাফিজ। তার কাটারগুলো বেশ দ্রুতগতির। তার আরও অনেক বৈচিত্র্য আছে, সেগুলো দারুণভাবে ব্যবহার করে। আপনার যদি বল সুইং করতে সমস্যা হয়, তবে ক্রস সিমে বল করতে পারাটা গুরুত্বপূর্ণ। কিন্তু মুস্তাফিজকে সেটাও করতে হয় না।’
শুধু ভারতীয় ক্রিকেটার নন, বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের দায়িত্বে থাকা রমিজ রাজাও স্বীকার করছেন মুস্তাফিজ শ্রেষ্ঠত্ব। তাঁর চোখে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুস্তাফিজ অনেক এগিয়ে, ‘জেমস অ্যান্ডারসন ও স্টেইনের মতো অনেকেই আছে যারা টেস্টে দুর্দান্ত। কিন্তু সীমিত ওভারে বর্তমানে মুস্তাফিজই সেরা পেসার। ওয়াহাব রিয়াজও ভালো, কিন্তু রিয়াজের সেরা মুহূর্তগুলো টেস্টেই বেশি দেখা যায়।’


