পাবনায় পূর্বশত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রণজিত রোজারিও (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে এ ঘটনা ঘটে। কোপানোর ফলে রণজিতের ঘাড়, পা ও পিঠে ক্ষত সৃষ্টি হয়েছে।
আহত রণজিতের বাড়ি ফৈলজানা গ্রামে। পেশায় তিনি সার ব্যবসায়ী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, দুই মাস আগে একটি নারীঘটিত ঘটনা নিয়ে উপজেলার নেংড়ী গ্রামের বাদশা মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ী রণজিত রোজারিওর বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ক্ষুব্ধ বাদশা তাঁর লোকজন নিয়ে গত রাতে রণজিতের বাড়িতে গিয়ে হামলা চালায়। সেখানে ধারালো চাপাতি দিয়ে রণজিতের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বাদশা ও তার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় রণজিতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এনটিভি অনলাইনকে ওসি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহরের খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান সুবল মণ্ডল আজ সোমবার আহত রণজিত রোজারিওকে দেখতে পাবনা জেনারেল হাসপাতালে যান। তিনি বলেন, এ ঘটনায় তাঁরা মর্মাহত। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনার পর স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।


