বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইপিলের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

Mustafiz-ddসাতক্ষীরার ছোট্ট গ্রামের সহজ-সরল লাজুক ছেলেটিই এখন পরিচিত কাটার মাস্টার নামে। বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদের মুখে এখন শুধু তাঁরই বন্দনা। বলা হচ্ছে, মুস্তাফিজের কথা।

ভারতের মাটিতে রোববার রাতে শেষ হয়েছে ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) আসর। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের দলে খেলেছেন বাংলাদেশের ছেলে মুস্তাফিজুর রহমান। আর তাই গোটা বাংলাদেশ যেন রুদ্ধশ্বাসে দেখেছে সেই খেলা। দলে আর কে কে আছেন, প্রতিপক্ষ দলই বা কেমন, সেসব নিয়ে তেমন মাথাব্যথা ছিল না বাঙালির । তাদের শুধু এটাই প্রার্থনা ছিল, মুস্তাফিজের দলকে জিততে হবে। আর তাই গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের খেলাটি হয়ে উঠেছিল প্রতিপক্ষ কোনো দলের সঙ্গে বাংলাদেশের ফাইনাল।

গোটা বাংলাদেশ যে সানরাইজার্সের জয় চেয়ে প্রার্থনা করেছে।

আইপিএলের এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই দলের পক্ষে দারুণ সব অবদান রেখেছেন মুস্তাফিজ। আর খেলার স্বীকৃতি হিসেবে তিনি একটা পুরস্কার পাবেন, এটা আশাও করছিলেন তাঁর লাখো ভক্ত। কারণ, আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মুস্তাফিজের পক্ষে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। সত্যি বলতে, তাঁর ধারেকাছে ছিলেন না কেউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুলের পক্ষে ভোট পড়েছে মাত্র ৬.৫ শতাংশ। তাই সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা যে মুস্তাফিজ পাচ্ছেন, তা প্রায় নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

সে ঘোষণা এলো ২০১৬ সালের আইপিএলের ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চ থেকে। সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হলো মুস্তাফিজুর রহমানের।

মোট ১৬টি ম্যাচ খেলে ১৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে আছেন তিনি। ৬১ ওভার বল করে গড়ে রান দিয়েছেন মাত্র ৬.৯০।

ভারতের গণমাধ্যম জিনিউজ তাদের প্রতিবেদনে বলছে, বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারের দিকে নির্ভুলভাবে মুস্তাফিজ ছুড়ে দিয়েছেন সঠিক এবং কার্যত খেলা সম্ভব নয় এমন সব বল।

আর নির্ভুলভাবে সঠিক বলটি করার স্বীকৃতি হিসেবেই এ বছরের আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হলো মুস্তাফিজের নাম। ধীরপায়ে হাসিমুখে মঞ্চে এসে তিনি নিয়ে গেলেন পুরস্কার। মুস্তাফিজ প্রমাণ করলেন, ইংরেজি বলতে না জানা, হিন্দি ভাষা না বোঝা, প্রথমবার দল ছাড়া একা একা অন্য একটি দেশে থাকার বিড়ম্বনা ভালো ক্রিকেটার হওয়ার অন্তরায় হতে পারে না। ক্রিকেটের ভাষা বোঝাটাই বড় কথা। আর আমাদের মুস্তাফিজ তা খুব ভালোই বোঝেন।

আরও পড়ুন