রংপুরে পাঁচ বছরের শিশুসন্তানকে হত্যার দায়ে মা-বাবার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান সোমবার দুপুরে এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় শিশুটির সৎবাবা বীপিন চন্দ্র কাঠগড়ায় ছিলেন। মা আদুরি রানি পলাতক।
সরকারি কৌঁসুলি ফারুক মো. রেয়াজুল করিম বলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান হিন্দুপাড়া এলাকার আদুরি রানি (৩৫) একই এলাকার বীপিন চন্দ্রকে (৪০) বিয়ে করেন। এটা ছিল আদুরির দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে ছিল পাঁচ বছর বয়সী ছেলে আনন্দ ওরফে বিশাল চন্দ্র। আনন্দ তার নানি শোভা রানির কাছেই থাকত। তবে মাঝেমধ্যে সে মায়ের কাছে যেত। কিন্তু আনন্দের ওই বাড়িতে যাতায়াত সৎবাবা বীপিন ভালোভাবে মেনে নিতে পারতেন না। একসময় ছেলের প্রতি মায়েরও বিতৃষ্ণা জন্মে।
২০১৪ সালের ১১ এপ্রিল শিশু আনন্দ নানাবাড়ি থেকে মায়ের কাছে গেলে বীপিন ও আদুরি ক্ষিপ্ত হয়ে তাকে গলাটিপে হত্যার পর ধানের গোলাঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে।
এ ঘটনার দিনই মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।


