ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্লাস ছুটি হবে আগামী ৭ জুন থেকে। ঈদ শেষে ক্লাস খুলবে ১৬ জুলাই। তবে অফিস বন্ধ থাকবে ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত।
এছাড়াও ২০১৬ সালে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ৮ থেকে ১৫ সেপ্টেম্বর, দূর্গাপূজা (বিজয়া দশমী), মহররম (আশুরা), লক্ষ্মী পূজা ১৫ অক্টোবর, বিশ্ববিদ্যালয় শোক দিবস ও শরৎকালীন ছুটি উপলক্ষ্যে ৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, যীশুখ্রীষ্টের জন্ম দিবস ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।
২০১৭ সালে গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাত-উল-বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া এই শিক্ষাবর্ষে মোট ক্লাস বন্ধ থাকবে ১২৮ দিন এবং অফিস বন্ধ থাকবে ৩৫ দিন। সভায় সরকার কর্তৃক কোন নির্দিষ্ট দিন ছুটি বলে ঘোষণা করা হলে অথবা সরকার কর্তৃক ঘোষিত কোন দিনের ছুটি বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় তালিকাভূক্ত হওয়ার পর তা পুনরায় সরকার কর্তৃক বাতিল করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক ওইদিন ছুটি বলে বা ছুটি বাতিল বলে গণ্য করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


