সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং রাজপরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহ্যবাহী উপহার সামগ্রী নিয়ে যাচ্ছেন। এসব উপহার সামগ্রীর মধ্যে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি, রূপার তৈরি হস্তশিল্প পণ্য, সিরামিক সামগ্রী, কাটারিভোগ, চিনিগুড়া ও কালিজিরা চাল, আম ও লিচু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার পাঁচ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন। প্রথম দিনেই প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৫ জুন জেদ্দায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৬ জুন প্রধানমন্ত্রী পবিত্র মদিনা শরিফে হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করবেন। আগামী সাত জুন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন বলে কূটনীতিকরা বলছেন।


