বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে পুলিশ-বিজিবির সঙ্গে গুলিবিনিময়ে চোরাকারবারী নিহত

joypurha-jug_14838_1464838285জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাকারবারীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তরিকুল নামে এক চোরাকারবারী নিহত হয়েছেন।

নিহত তুরিকুল পাঁচবিবি উপজেলার চকশিমুলিয়া গ্রামের আয়েজউদ্দিনের ছেলে।

এ ঘটনায় অন্তিম নামে এক পুলিশ কনস্টেবলসহ সালাউদ্দিন ও সুফল নামের দুই বিজিবি সিপাহী আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামের শালুয়ার মাঠে এ ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া হাসুয়া, চাইনিজ কুড়াল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও দুইশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটারিলয়ানের (বিজিবির) অপারেশন অফিসার মেজর এম আশরাফ আলী-পিপিএম ও  জয়পুরহাটের সহকারি পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সীমান্তের চোরাই পথ দিয়ে গোপনে ভারত থেকে আনা  বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশ অভ্যন্তরে পাচারের খবর পেয়ে পুলিশ ও বিজিবি যৌথ অভিযানের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রতনপুর গ্রামে আগে থেকে গোপনে ওঁৎ পেতে থাকে তারা।

ভোর সাড়ে ৪টার দিকে ওই সীমান্ত দিয়ে একদল মাদক চোরাকারবারী ভারতীয় ফেনসিডিলসহ রতনপুর গ্রামে ঢোকার চেষ্টা করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বাধারমুখে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়।

আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরাও শর্টগানের গুলি ছুড়ে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ে গুলিবিদ্ধ হয়ে চোরাকারবারী তরিকুল ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ জানায়, কনস্টেবল অন্তিম ও দুই বিজিবি সিপাহী সালাউদ্দিন ও সুফল আহত হয়। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও হাসুয়া, চাইনিজ কুড়াল, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তারা আরও জানান,  নিহত চোরাকারবারী তরিকুল ওই এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। চোরাচালান, বিজিবির ওপর হামলাসহ তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

২০১১ সালে ওই রতনপুর গ্রামে মাদকবিরোধী অভিযানকালে এক বিজিবি সিপাহীকে মারাত্মকভাবে আহত করার মামলার তিনি ছিলেন প্রধান আসামি বলে জানান তারা।

আরও পড়ুন