বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে গুলি

Gai-Postarগাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানকে (৬৫) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দ পেয়ে চারজনকে আটক করে বিজিবির অস্থায়ী ক্যাম্পে সোর্পদ করেছে স্থানীয়রা।

ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের আজিজুর রহমানের নিজ বাড়িতে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ষষ্ঠ ধাপে ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরেন্ডাবাড়ী ইউনিয়নে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজুর রহমান। বৃহস্পতিবার রাতে তিনি নির্বাচনী কাজ শেষে নিজ বাড়িতে ফেরেন। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আজিজুর রহমান। ভোরে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে পরপর তিনটি গুলি করে। এ গুলি তার ডান পায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। এ সময় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ৪ জনকে আটক করে। এ ঘটনায় স্থানীয়রা বিচারের দাবিতে বিক্ষোভ করছেন।

আজিজুর রহমানের বড় ভাই শফিকুল ইসলাম দ্য অভিযোগ করে বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের আবদুল মান্নান আকন্দের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. খায়রুল বাশার জানান, এ ঘটনায় আটক ৪ জনকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তাদের থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি।

ওসি জানান, আজিজুর রহমানকে প্রথমে পাশের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন