বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাস-ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ প্রবাসী নিহত

Habiganj-accidentঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুই কাতার প্রবাসী নিহত হয়েছেন; আহত হন অন্তত ২০ জন।

শনিবার ভোরে উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আবুল কালাম পাখি (৪০) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের গোলাই উল্লার মেয়ে আইরিন বেগম (৩৫)। দুজনই কাতার প্রবাসী।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, দুবাই, ওমান, সৌদি আরব ও কাতার থেকে কয়েকজন প্রবাসী শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা আসেন। রাতেই শ্যামলী পরিবহনের একটি বাসে তারা সিলেটের উদ্দেশে রওয়ানা দেন।

“ভোর ৫টার দিকে হাফিজপুর পৌঁছলে ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এসময় একটি প্রাইভেটকারও এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই প্রবাসী নিহত হন।”

লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান সার্জেন্ট রেজাউল করিম।

আরও পড়ুন