শটগানের ১৫০টি গুলিসহ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টার দিকে আটক হওয়া আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, “শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আবদুস সবুর। সকাল ১০টার দিকে তার লাগেজ স্ক্যানিং করার সময় শটগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে। লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। এসব গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর।”
তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা খায়রুল।


