বন্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলা বাজারে বিক্রির সময় এক কাভার্ড ভ্যানভর্তি ৫০ লাখ টাকা মূল্যের কাপড় জব্দ করা হয়েছে। এটি ১১৮ রোল কাপড় নিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশে নগরীর টেরি বাজার যাচ্ছিল। এসময় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বায়েজিদ থানার রুবি গেট এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
আটকরা হলো- মো. রাশেদ (৩৬), মো. ফারুক (৩৩) ও ইয়াছিন (২৮)। এদের মধ্যে কাভার্ড ভ্যানের চালকও রয়েছে।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চৌধুরী অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের বন্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলা বাজারে বিক্রির জন্য টেরিবাজার নিয়ে যাচ্ছিল। ওই প্রতিষ্ঠানের হয়ে সিজার নামে একজন এই কাপড়গুলো টেরিবাজারের ব্যবসায়ী রাশেদের কাছে নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি করলে সেখানে ১১৮ রোল কাপড় পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পাশাপাশি কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।


