শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

1459833687410সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, খেলাধুলার ইতিহাসে কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের অধিকারী মানুষ হিসেবে অভিহিত হবেন। গতানুগতিকতার বাইরে বক্সিং রিংয়ে হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী যে অতুলনীয় ছন্দ সৃষ্টি করতে পারতেন তা তাঁকে দিয়েছিল ব্যতিক্রমী এক সেরা মুষ্টিযোদ্ধার খেতাব।

তিনি বলেন, মুষ্টিযুদ্ধে তাঁর ক্রীড়ানৈপুন্যের জন্য বাংলাদেশসহ সারাবিশ্বের দর্শকরা অপার আনন্দ লাভ করতো। রিংয়ে ক্ষিপ্রতার মতো তাঁর অনবদ্য কথামালাও মানুষকে মুগ্ধ করতো। শৈশবকাল থেকেই নানা প্রতিকুলতা অতিক্রম করে উদ্যম-উদ্যোগের ধাপে ধাপে সর্বকালের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। তিনবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন প্রবাদপ্রতীম এই মুষ্টিযোদ্ধা অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেন নির্দ্বিধায়। সমাজকর্মে তাঁর নিঃস্বার্থ আত্মনিবেদন সকল মানুষের জন্য উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্ণবাদ, যুদ্ধ ও রক্তপাতকে তিনি মনেপ্রাণে ঘৃনা করতেন এবং এর বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় সোচ্চার। শান্তির স্বপক্ষে তাঁর আপোষহীন সংগ্রাম আজও আমাদের সকলের জন্য প্রেরণা।

এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধাকে ১৯৭৮ সালে বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে সম্মানিত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, নিকটজন, যুক্তরাষ্ট্রবাসীসহ সারাবিশ্বের কোটি কোটি শোকাহত ভক্ত, অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মুষ্টিযুদ্ধে শ্রেষ্ঠত্বের শিরোপাজয়ী মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন