সদ্য পদোন্নতি পাওয়া ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বিকেল সোয়া ৩টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, পুলিশ কমিশনার ইকবাল বাহারসহ বিপুলসংখ্যক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানিয়েছেন, মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে। সেখানে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদাকে দাফন করা হবে।
উল্লেখ্য, রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।


