বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার আইএসের

Captureনাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনিল গোমেজ নামের খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।

আইএস নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আমাক নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইনটেলিজেন্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার বেলা সোয়া ১২টার দিকে নাটোরের বনপাড়ায় সুনিল গোমেজ নামে এক খ্রিস্টান মুদি ব্যবসায়ীকে তার নিজ দোকানের ভেতর তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুনিল গোমেজ যোশেফ গোমেজের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশরাফ ও এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি গীর্জায় যান। সেখানে প্রার্থনা শেষে নিজবাড়িতে রাস্তামুখী মুদি দোকানে বসেন সুনিল গমেজ। এরপর ১২টার দিকে খদ্দের বেশে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার একমাত্র মেয়ে স্বপ্না ও স্ত্রী বাড়িতে থাকলেও কিছুই বুঝতে পারেনি তারা।

বেলা ১২ টার দিকে স্থানীয় লোকজন দোকানে জিনিস কিনতে গিয়ে সুনিল গোমেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান তারা।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা সুনিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিকাশ হিউর্বাট রিবেরু বলেন, আমরা বাকরুদ্ধ, কোন মন্তব্য করতে পারছি না। সুনিল বৃদ্ধ, শান্তি প্রিয় মানুষ, তাকে কেন হত্যা করা হলো তা তিনি বুঝতে পারছেন না।

আরও পড়ুন