কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএর পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে কুমিল্লার একটি আদালত। কুমিল্লার আদালত পুলিশের এসআই বাদল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম রোববার সকালে আদালতে একটি আবেদন করেন। এতে তিনি উল্লেখ করেন, তনুর দাঁত ও ভেজাইনাল সোয়াবের নমুনা পরীক্ষাসহ সবকিছু একটি প্রতিবেদনে সন্নিবেশ রয়েছে। আলাদাভাবে দাঁত ও সোয়াবের পরীক্ষার প্রতিবেদন নেই। ডিএনএর প্রতিবেদন থেকে কেটে দাঁত ও সোয়াবের অংশটুকু ময়নাতদন্তকারী বোর্ডকে দেওয়া কষ্টসাধ্য। প্রতিবেদন আংশিক দেওয়ার সুযোগ নেই। এজন্য পুরো প্রতিবেদনটিই মেডিক্যাল বোর্ডকে দিতে হবে। এজন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা বলেন, ‘ওই প্রতিবেদন পেলে দ্রুত ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে তার বাসার কাছে পাওয়া যায়।


