প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শফিক রেহমানের আইনজীবী অ্যাডভোকেট আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শফিক রেহমানের আবেদনটি আদালত সামারিলি রিজেক্ট করেছেন।’
এর আগে গত ০৫ মে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শফিক রেহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করলে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত।
গত ২৭ এপ্রিল বুধবার সাংবাদিক শফিক রেহমানকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ২২ এপ্রিল ৫ দিনের রিমান্ড শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শফিক রেহমানকে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দু’দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।


