বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪ কোটি সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক ও থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত ১ জুন এসব পন্য আটক করলেও বিজিবি মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের তা জানায়।
বিজিবি কর্তৃপক্ষ শুল্ক ফাঁকির কথা বললেও এসব পন্য কাস্টমস থেকে ছাড়কৃত না চোরাই পথে ভারত থেকে এসেছে তা বলা হয়নি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তার নেতৃত্বে একটি টহলদল গত ১ জুন রাত ৮টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি কভার্ডভ্যান আটক করে।
পরে যশোর বিজিবি ব্যাটালিয়নে এনে তল্লাশি করে ওই কভার্ডভ্যাট থেকে ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ১৯শ’ ৮৯টি থ্রী পিস, ১৬ শ’ ৮০টি শার্ট পিস, ১২ হাজার ৩৪২ মিটার শার্ট থান, ৮ হাজার ২৩৪ মিটার প্যান্ট থান ও ২শ’ ৮৮ টি পায়জামা-পাঞ্জাবী পিস আটক করা হয়।
আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, পন্যগুলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ সরকারি শুল্ক আদায় করে ছাড় দিয়েছিল। ঢাকা যাওয়ার পথে বিজিবি সদস্যরা আটক করে বলে কাস্টমসের একটি সূত্র জানায়।


