বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুপ্তহত্যার প্রতিবাদে পাকিস্তান দূতাবাস ঘেরাও

pak-embassy_15501_1465368064দেশে সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনায় রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে সরকার সমর্থিত বেশ কয়েকটি সংগঠন।

বুধবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও শ্রমিক লীগসহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গুলশান দুই নম্বরে বসতি টাওয়ারের সামনে যাওয়ার পর পুলিশ সংগঠনগুলোর নেতাকর্মীদের পথে ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে।

এসময় দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য তারা পাকিস্তান ও ইসরাইলকে দোষারোপ করে শ্লোগান ও বক্তব্য দেয়।

সেখানে উপস্থিত সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা ফিরে যাবেন না। ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ এমপি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পাকিস্তানের আইএসআই ও ইসরায়েলে ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।

এদিকে পাকিস্তান দূতাবাস কর্মসূচি পালনের জন্য সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত নেতাকর্মী গুলশান দুই নম্বর চত্বরে এসে জড়ো হয়। এ সময় গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

আরও পড়ুন