বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে তারাবি নামাজ আদায়ের সময় মসজিদের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ৯টা ৫০ মিনিটে বিআরডিবি কার্যালয়ের দেয়ালে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদে মুসুল্লিরা নামাজ আদায় করছিলেন। রাত ৯টা ৫০ মিনিটেে ওই মসজিদের পাশে থাকা বিআরডিবির ভবনের দেয়ালে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে মুসুল্লিরা তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যান।
গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এ এইচ আযম খান বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। তবে ককটেল বিস্ফোরণে তেমন কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্দ্বে গত কয়েকদিন থেকে উপজেলা শ্রমিক লীগের বহিষ্কৃত যুগ্মআহ্বায়ক জাফরু পাইকার আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছিলেন। এরই জের ধরে তার লোকজন আমার অফিসে ককটেল হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
গাবতলী মডেল থানার (ওসি) আবু শাহীন মাহমুদ খান জানান, সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ নিয়ে আওয়ামী লীগ সভাপতি এ এইচ আযম খান ও উপজেলা শ্রমিক লীগের বহিষ্কৃত যুগ্মআহ্বায়ক জাফরু পাইকারের দ্বন্দ্ব চলছিল।
এরই জের ধরে আতংক ছড়াতে মসজিদসংলগ্ন বিআরডিবি কার্যালয়ের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।


