বাবা-মার একমাত্র ছেলে। পরিবারের চাপের কারণে সে মিতুকে বিয়ে করে। বাসর রাতেই মিতুকে জানিয়ে দেয় তার সঙ্গে সে মোটেও সংসার করতে চায় না। বুঝিয়ে দেয় এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি যাবে তাতেই তার মঙ্গল।
হ্যাঁ, যা পড়ছেন ঠিকই পড়ছেন। এমটাই করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। তবে বাস্তবে নয়; ঈদের জন্য নির্মিত শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় ‘সমর্পণ’ নামে একটি টেলিছবিবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। এ টেলিফিল্মের মাধ্যমে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলেন এ দুই তারকা।
এর গল্পে দেখা যাবে, পিয়াল বাবা-মার একমাত্র ছেলে। পরিবারের চাপের কারণে সে মিতুকে বিয়ে করে। বাসর রাতেই মিতুকে জানিয়ে দেয় তার সঙ্গে সে মোটেও সংসার করতে চায় না। বুঝিয়ে দেয় এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি যাবে তাতেই তার মঙ্গল। মিতু খুবই সহনশীল মেয়ে। একদিন কাউকে কিছু না বলে চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। মিতু চলে যাওয়ার পর পিয়াল বুঝতে পারে সব মেয়ে একরকম নয়। হারানোর পর সে বোঝে মিতু তার কি ছিল।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, গল্পটা খুবই সুন্দর। কাজ করে ভীষণ তৃপ্ত। পাশাপাশি স্নেহাও অভিনয়ে আগের চেয়ে অনেক দক্ষ হয়েছে।
স্নেহা বলেন, সজল ভাইয়া আমার প্রিয় অভিনেতাদের একজন। তার সঙ্গে কাজ করলে আমি অনেক কিছুই শিখতে পারি। আশা করি টেলিছবিটি সবার পছন্দ হবে।
আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে বলে নির্মাতা জানান।


