বুধবার ৪ নভেম্বর ২০২৬

এনবিআর আমাদের পেটের খবর নিয়ে পেটেই ছুরি চালিয়েছে: এফবিসিসিআই

fbcci_brifingপ্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে ব্যবসায়ীরা যেসব প্রস্তাব দিয়েছিলেন, বাজেট প্রস্তাবনায় তার ৮৯ শতাংশই বাদ দেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই।

প্রাক-বাজেট আলোচনাকে ‘প্রহসনের ডায়লগ’ আখ্যা দিয়ে ভবিষ্যতে এতে যোগ দেয়ার বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানিয়েছেন সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বলেন, ‘আমরা হাওয়ার ওপরে কোনো প্রস্তাব দেইনি। এনবিআর চার মাসে আমাদের পেটের খবর নিলো, পরে আমাদের পেটেই ছুরি চালালো। আমরা বই আকারে প্রস্তাব দিলাম, তারা কিছুই রাখলো না।’

শনিবার মতিঝিল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় এফবিসিসিআই।

এতে সংগঠনটির সভাপতি বলেন, ‘এবারের বাজেট খুব কঠিন হয়েছে। এনবিআরের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এনবিআর ব্যবসায়ীদের দাবির মাত্র ১১ শতাংশ রেখেছে। এমন কমপ্লিকেটেড বাজেট ইহজগতে আর পাইনি।’

তিনি জানান, এবারের পরামর্শক কমিটির সভায় এফবিসিসিআই’র পক্ষ থেকে ৪৪৭টি মৌলিক ও খাতভিত্তিক প্রস্তাব অর্থমন্ত্রী ও এনবিআরকে দেয়া হয়। কিন্তু প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, মাত্র ৫৩টি প্রস্তাব গৃহীত হয়েছে।

মাতলুব আহমাদ বলেন, প্রায় ৮৯ শতাংশ প্রস্তাব আমলে নেয়নি এনবিআর। এর মধ্যে আয়কর খাতে ১২৪টির মধ্যে ১১৩টি, ভ্যাটে ৮৪টির মধ্যে ৭৯টি এবং শুল্কে ২৩৯টির মধ্যে ২০২টি প্রস্তাব রাখা হয়নি।

তিনি বলেন, ‘চার মাস শ্রম দিয়ে এনবিআরকে যে প্রস্তাব দিয়েছি, তার ১১ শতাংশ রাখা হয়েছে- এটাতে লজ্জাবোধ করছি। যে চার মাস প্রাক-বাজেট আলোচনায় ব্যয় করেছি, সেটা বৃথা গেছে।’

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘এনবিআর একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আলাপ-আলোচনা না করলেও বাজেটে ব্যবসায়ীদের ১১ শতাংশ দাবি সরকারের তরফ থেকে রাখা হতো। তাহলে কেন এ প্রহসনের ডায়লগ?’

ক্ষোভ প্রকাশ করে মাতলুব আহমাদ বলেন, এমন পরিস্থিতিতে আগামী বছর বাজেট আলোচনায় যাব কি যাব না তা নিয়ে চিন্তা করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক আবু মোতালেব, দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণ প্রমুখ।

আরও পড়ুন