পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে খুনের ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শিবির নেতাকে আটক করা হয়েছে। তিনি পাবনা পশ্চিম শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ।
নিত্যরঞ্জন পাণ্ডে খুনের ঘটনায় তিনদিনের মাথায় এই প্রথম পুলিশের পক্ষ থেকে একজনকে আটকের কথা জানানো হলো।
রোববার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার ভোর ৫টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে প্রতিনিদনের মতো সকালে হাটতে বের হলে পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তবে এ হত্যাকাণ্ডের এখনও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওসি আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন, শিবির নেতা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে কোনো তথ্য পেলে তাকে আদালতে তোলে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
এর আগে তিনি জানিয়েছিলেন, হত্যার ধরন দেখে মনে হচ্ছে দেশের বিভিন্নস্থানে পরিকিল্পত হত্যার মতোই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের একদিন পর শনিবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’।
‘সাইটের দাবি, আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ জানিয়েছে বাংলাদেশের পাবনায় হিন্দু সেবক নিত্যরঞ্জন পাণ্ডে খুনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।


