যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আক্তারুজ্জামান ডিকু (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ যুবক আক্তারুজ্জামান ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার গভীর রাতে জেলা শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশেল দাবি, ডিকু ওই এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে।
কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই খাজিদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ‘পাবলিক অ্যাসাল্ট’ হিসেবে ডিকুর নাম হাসপাতালের রেজিস্টারে নথিভুক্ত হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, বিকালে ডিকুকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্ত্রের সন্ধান দেয়।
রাতে তাকে নিয়ে পুলিশ ধর্মতলা রেলক্রসি এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য যায়। সেখানে ওঁৎ পেতে থাকা ডিকুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুঁড়ে ডিকুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতেই ডিকু আহত হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে।


