নাটোরের বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় গ্রেফতার মনোয়ারা বেগম মণির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা ১২টায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল-আমিনের আদালত শুনানি শেষে ভাড়াটিয়া মনোয়ারার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার বিকালে ভাড়াটিয়া মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আজ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আবদুল্লা মামুন সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার খ্রিষ্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির অপর ভাড়াটিয়া মনোয়ারা বেগম মনিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। বেলা তিনটার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়।
নাটোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুনীল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, সুনিল গোমেজ হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন সূত্র থেকে তাকে সন্দেহ করা হয়।
পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে ঢাকার বাড্ডা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে মনোয়ারা বেগম মনিকে গ্রেফতার করে নাটোরে আনা হয়।
প্রসঙ্গত, ৫ জুন রোববার দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মা মারিয়া গীর্জার পশ্চিম পাশে সুনীল দানিয়েল গমেজ (৬০) নামে এক খ্রীষ্টান মুদি দোকানীকে তার দোকানে কে বা কারা দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এই হত্যাকাণ্ডে সন্দেহ সবুজ ও মনিকে আটক করে পুলিশ।


