সংসদ সদস্যদের জন্য ঈদ বোনাস দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলী সরকার। বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় ইউনুস বলেন, “আমরা বোনাস পাই না। অনেক স্তর পার হয়ে এখানে আসতে হয়। আমরা পেনশনও পাই না। আমরা কেন পিছিয়ে থাকব?”
সংসদ সদস্যদের নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে ইউনুস আলী সরকার বলেন, “বলা হয়, এমপিরা নাকি চোর। টিআর-কাবিখার টাকা চুরি করে। এখানে এমন অনেকেই আছেন যারা ১২০ টাকার লুঙ্গি পরেন।”
গত মে মাসে সংসদ সদস্যদের সম্মানী-ভাতা দ্বিগুণ করে বিল পাস হয়। সম্মানী ভাতা পান বলেই উৎসব ভাতা পান না তারা।
আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদেরও তীব্র সমালোচনা করেন গাইবান্ধার সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের এই সংসদ সদস্য।
“শিক্ষা মন্ত্রণালয়ের কথা কিছু বলতে চাই। শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয়ে গেলে যেমন ব্যবহার করেন তাতে মনে হয় উনি হেডমাস্টার আর আমরা ছাত্র।
“এখন আবার বলা হচ্ছে, আমরা নৈশপ্রহরী-দপ্তরি নিয়োগ দিতে পারব না।”
বাজেট আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আইনপ্রণেতাদের সভাপতি মনোনীত হওয়া নিয়ে আদালতের রায়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্য মোতাহার হোসেনও।
“এখন বলা হচ্ছে, এমপিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। আমার কথা হচ্ছে, একজন জনপ্রতিনিধির চেয়ে আর কেউ বেশি বুঝবে এটা আমি বিশ্বাস করি না।”
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে এক মামলায় সম্প্রতি হাই কোর্টের এক রায়ে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠনের বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
হাই কোর্টের দেওয়া ওই রায় সুপ্রিম কোর্টও বহাল রাখে। এর ফলে সংসদ সদস্যরা স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি মনোনীত হতে পারবেন না।
মঙ্গলবার সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও বলেন, ওই রায় আদালতের ‘আওতার’ বাইরে গিয়েছে।
বাজেট আলোচনায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার বলেন, “আমি এক লাখ ৯২ হাজার ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। এখানে প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। আমাদের চেয়ে কি ডিসি-ইউএনওরা উন্নয়ন ভালো বুঝবে?”
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের এম এ মালেক, ইলয়াস উদ্দিন মোল্লা, গোলাম মোস্তফা, রহিমা আক্তার, হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন।
আলোচনা শেষে অধিবেশনে সভাপতিত্বকারী সভাপতিমণ্ডলীর সদস্য মো. আলী আশরাফ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।


