সাবেক এক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে যোগ দিয়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। বৃহস্পতিবার বিকালে কলেজে মিলনায়তনে মিলাদের পর সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মেডিকেল পুলিশ ফা্ঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া জানান,রহমত ও রুবেল নামে ঢাকা কলেজের ওই দুই শিক্ষার্থী হাত ও মাথায় আঘাত পেয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রলীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস আর পলাশের মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদের পর ছবি তোলা নিয়ে ‘ইলিয়াস হল’ ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মারামারি শুরু হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা এদিক-ওদিক ছুটাছুটি শুরু করেন। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানান ওই ছাত্রলীগ কর্মী।
তিনি বলেন, “ছবি তোলা নিয়ে মারামারির সূত্রপাত হলেও মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই মারামারি হয়।”
সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নিউ মার্কেট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুন নাহার। বলেন,“কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারির প্রভাব বাইরের রাস্তায় পড়েনি।”
ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি থাকাকালে ২০০৩ সালে কল্যাণপুরে ভাইয়ের দোকানে পলাশকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।


