বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রতিভাবান অভিনয়শিল্পী তানিন সুবহার ‘প্রেম পথিক’ ঈদে

taninতানিন সুবহা। ঢাকাই সিনেমার এই সময়ের সম্ভাবনাময়ী ও প্রতিভাবান অভিনয়শিল্পী। মিডিয়াতে অভিষেক ঘটে গত বছর আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক নাটকে অভিনয় করেই তার অভিনয়শিল্পের জাত চিনিয়ে চলেছেন। এর ফসল এলো বড় পর্দায় তার নাম উঠে। সেখানেও করছেন বাজিমাৎ। ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক তানিন সুবহার। ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘মাস্তান পুলিশ’সহ এক গাদা সিনেমার কাজ তার সাফল্যের ঝুড়িতে। এখন তিনি জাবেদ-জাহিদ পরিচালিত ও রমজান আলী প্রযোজিত ‘দুই রাজকন্যা’ সিনেমার নায়িকা।

ভাবছেন, বড় পর্দায় পা দিয়ে তিনি ছোট পর্দায় কাজ করছেন না? তাহলে শুনুন, আসন্ন ঈদুল ফিতরে আসছে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। নাটকের নাম ‘প্রেম পথিক’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর মবিন চৌধুরী। সম্প্রতি রাজধানীর অদূরে রূপগঞ্জে এর শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে দেখা যাবে, গ্রামের দুই যুবক তুষার ও সিদ্দিক। তাদের ভালো ছেলে হিসেবে সবাই জানে। এক সময় তারা গ্রামে মঞ্চ নাটক করার ঘোষনা দেয়, এই নিয়ে শুরু তোলপার। নাটকের জন্য নায়িকা লাগবে। যে নায়িকা হবে তাকে টাকা দিতে হবে। তানিন সুবহা নায়িকা হবার জন্য বাপের টাকা চুরি করে তাদেরকে দেয়। এদিকে সিদ্দিক তানিনকে ভালোবাসে আবার তুষার মাহমুদ তানিনকে পাবার জন্য নানা ধরনের ঘটনা ঘটাতে থাকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকে অভিনয় করেছেন- তুষার মাহমুদ, সিদ্দিক, মিমো, তানিন সুবহা, জিল্লুর রহমান, সিরাজ হায়দার, ইরা, মবিন, মাসুমসহ আরো অনেকে।

চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

ভবিষ্যতে ছোট পর্দায় না কি বড় পর্দায় নিয়মিত হবেন? এ প্রশ্নে তানিন সুবহা বলেন, আমি ছোট পর্দা বা বড় পর্দা বুঝি না। আমি দর্শকদের মাঝে একজন অভিনয়শিল্পী হিসেবে আজীবন থাকতে চাই।

ঈদের ধারাবাহিক নাটক ‘প্রেম পথিক’ বিষয়ে ঢাকাই সিনেমার প্রতিভাবান এই নায়িকা বলেন, খুব মজার একটি নাটক। ভালো লেগেছে নাটকটিতে অভিনয় করে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

নতুন এই অভিনেত্রীর মধ্যে অনেকটাই সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার ‘জমজ’ নাটক ছাড়াও তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। দুটি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’ ও ‘থানার নাম শনির আখড়া’তেও অভিনয় করছেন তিনি।

ছোটবেলায় তানিন সুবহা ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে উচ্চাঙ্গ ও আধুনিক গানে প্রায় চার বছর তালিমও নিয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ক্লোজআপ-১ এ গানের প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বাবার চাকরির সুবাদে সৌদি আরবে থাকাকালীন তিনি পাকিস্তানি এক নৃত্যশিল্পীর কাছে নৃত্যেও তালিম নেন।

আরও পড়ুন