ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, সৌদি আরবকে বিশ্বাস করা বাংলাদেশের ভুল হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, সৌদি আরব পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়ার প্রশ্নে বিরোধিতা করেছিল। কিন্তু আজ সেই সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ কীভাবে যোগ দেয়।
সারাদেশে সিরিজ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি জানে কীভাবে জঙ্গিদের দমন করা হয়। ২০০১ এর ইতিহাস ঘাটলে জানা যাবে ওয়ার্কাস পার্টি কীভাবে জঙ্গিদের বিরোধিতা করেছিল। কিন্তু পশ্চিমা শক্তিরা বার বার জঙ্গিদের রক্ষা করে এসেছে। তাদের এই কাজের মাশুল দেশের জনগণকে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে আজ ব্লগারসহ অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ খুন হচ্ছে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হচ্ছে না। বিএনপির সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে জঙ্গিদের পুষেছেন, এখন আমাদের সেই মাশুল দিতে হচ্ছে। খালেদা জিয়াই জঙ্গিদের মদদ দিচ্ছেন। কিছু দিন আগে আওয়ামী লীগে গণহারে জামায়াতের লোক যোগ দিয়েছে, এতে ভোটের সঙ্গে সঙ্গে জঙ্গিবাদও বেড়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিল ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, কৃষক সমিতি, শ্রমিক ফেডারেশন, ক্ষেত মজুর ইউনিয়ন, নারী মুক্তি সংসদ, নারী শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য গণসংগঠনসমূহের কর্মীরা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি, হাজেরা সুলতানা এমপি, মোস্তফা আলমগীর রতন, আবুল কালাম আযাদসহ আরও অনেকে।


