বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ক্রসফায়ার নয়, প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চাই’

RU----‘অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার পঞ্চাশ দিন পেরিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কথিত একজনকে ঢাকায় ক্রসফায়ার দেওয়া হয়েছে। ক্রসফায়ার নয়, প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চাই। আইনের মাধ্যমে দোষীরা মানুষের সামনে আসুক, তারা উপযুক্ত শাস্তি পাক।’

শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভাগের সভাপতি অধ্যাপক এএফএম মাসউদ আখতার।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন থেকে একটি মিছিল বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে মিলিত হয়।

অধ্যাপক মাসউদ আখতার আরো বলেন, বিভাগের অনিয়মিত ছোট কাগজ ‘সপ্তক’র পরবর্তী সংখ্যাটি অধ্যাপক রেজাউল করিমকে উৎসর্গ করা হবে। সেখানে অধ্যাপক রেজাউল করিমের স্মৃতিচারণ করা হবে। এ ছাড়া আগামী ২৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে মৌন মিছিল ও সমাবেশের ঘোষণাও দেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভাগের শিক্ষক অধ্যাপক অসীম কুমার দাস, অধ্যাপক শহীদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শেহনাজ ইয়াসমীন, আব্দুল্লাহ আল মামুন, রুবাইদা আখতার প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউল করিমকে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন