ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি হলে কমপক্ষে ১১ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। রাশিয়ার উত্তরাঞ্চলের কেরালিয়া অঞ্চলের সিয়ামজিরো লেকে ঘটনাটি ঘটেছে বলে খবর বিবিসির।
মস্কোর মেয়র সেরগেই সোবায়নিন জানিয়েছেন, নিহত শিশুরা ছুটি কাটাতে নৌকা ভ্রমনে গিয়েছিল লেকে। তখন ঐ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকটি অনিশ্চিত খবরে বলা হয়েছে, নৌকাডুবিতে ৪৯ জন ভ্রমণকারীদের ঐ দলের ৩৬ জন বেঁচে আছে। নিখোঁজদের উদ্দেশ্যে এখনো তল্লাশি চালানো হচ্ছে লেকের পানিতে।
ঐ নৌকা ভ্রমণের নেতৃত্বে থাকা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলেছে, বেঁচে থাকা ২৫ জন ঠাই নিয়েছে লেকের মধ্যবর্তী একটি দ্বীপে, বাকি ১১ জন স্থানীয় একটি গ্রামে।


