সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চেক প্রতারণার আটটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের বাদীপক্ষের আবেদনে আসলাম চৌধুরীর উপস্থিতিতে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, পূবালী ব্যাংক চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার ৩৬ কোটি ৮ লাখ টাকার আটটি চেক প্রতারণার পৃথক আটটি মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
তিনি বলেন, সেভেন/বি অ্যাসোসিয়েট নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আসলাম চৌধুরী বিভিন্ন সময়ে পূবালী ব্যাংক সিডিএ করপোরেট শাখা থেকে ঋণ নেন। টাকা পরিশোধের জন্য তিনি বিভিন্ন সময়ে যমুনা ব্যাংকের আটটি চেক প্রদান করে ৩৬ কোটি ৮ লাখ টাকার প্রতারণা করেন। এই ঘটনায় পূবালী ব্যাংকের এজিএম এসএম ইয়াহিয়া বাদি হয়ে মামলাগুলো করেন।
এর আগে বেলা ১১ টার দিকে আসলাম চৌধুরীকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন আসলাম।


