বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগকে বের করে দিয়েছে পুলিশ, ক্লাস স্থগিত

145299_1চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর সোমবার ছাত্রলীগের একাংশকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে পুলিশ। এ ঘটনার পর প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্বাভাবিক রাখতে মঙ্গলবার ক্লাস স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির সমর্থকরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের বিতাড়িত করে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবারের ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবারও এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। মঙ্গলবার পর্যন্ত কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজ আহাম্মদ জানান, সোমবার চট্টগ্রাম কলেজে বহিরাগত এবং কলেজের নিয়মিত ছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রলীগ কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়।

উল্লেখ্য, গত শনিবার ও রোববার নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুদিনে ১২ জন আহত হয়।

আরও পড়ুন