সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাইকারীর গুলিতে আহত সাবেক ইউপি সদস্য মাহবুুবুল আলম মিল্টন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিল্টন উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও থানা আওয়ামী লীগ নেতা ছিলেন। এদিকে এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হলেও পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার জানান, রোববার রাতে উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার সময় ছিনতাকারীদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বাবুল সরদার বলেন, ঘটনার পর অপরাধীরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ আসামিদের খুঁজছে।


