বুধবার ৪ নভেম্বর ২০২৬

পা দিয়ে সেমাই তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

Rangpur-Smaiপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুরে মৌসুমী সেমাই কারখানায় সয়লাব হয়ে গেছে। বিএসটিআই`র অনুমোদন ছাড়াই শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব অস্থায়ী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। ব্যবহার করা হচ্ছে বিষাক্ত তেল ও রঙ ছাড়াও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন উপাদান।

মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসন ও র‌্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে দুই সেমাই কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।

এ বিষয়ে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৩ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে শহরের কামাল কাছনা এলাকার মায়াময়ী সড়কের ১৯৮ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পা দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করার অভিযোগে কারখানার মালিক তারিক আহম্মেদের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অভিযোগে শহরের রবার্টসন্সগঞ্জ এলাকার একটি সেমাই কারখানার মালিক সনু আহম্মেদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, মৌসুমী মান্নান ও আবুল হায়াতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর সেমাই তৈরি করা এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন