বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তাকে ফাঁসাতে রামকৃষ্ণ মিশনে হুমকি!

RK Mission-Dhaka-gateযার নামে গত ১৫ই জুন রাজধানীর রামকৃষ্ণ মিশনের পুরোহিত সেবানন্দকে হত্যার হুমকি দেয়া হয়েছিল সেই এ বি সিদ্দিককে মঙ্গলবার আটক করেছে পুলিশ। ওই চিঠিতে তাকে ইসলামিক স্টেট (আইএস) সদস্য আখ্যায়িত করে তার কিশোরগঞ্জের বৌলাই এলাকার নয়াপাড়ার যে ঠিকানা উল্লেখ করা হয়েছিল সেখান থেকে তাকে আটক করা হয়।

আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। তিনি তো এ ঘটনায় জড়িত নন, বরং তাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এ কৌশল নিয়েছে বলে ধারণা পুলিশের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম বলেন, মিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, লিকলিকে গড়নের এক মোটরসাইকেল আরোহী ওই চিঠি দিয়ে যায়। তবে ওই যুবকের শারীরিক গঠনের সঙ্গে প্রকৃত এ বি সিদ্দিকের মিল নেই। তার হাতের লেখার সঙ্গেও ওই চিঠির লেখা মিলে না। তার দু’সন্তানের মধ্যে এক মেয়ে মেডিকেল শিক্ষার্থী।

তাছাড়া সাবেক এই সেনা সদস্যের পারিবারিক অবস্থার সঙ্গেও বিষয়টি বেমানান। জানা গেছে, এ বি সিদ্দিক  সেনাবাহিনীতে ১৮ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর নেন। এরপর রাজধানীর খিলক্ষেতে তাঁর স্ত্রীর একটি বাড়ি বিক্রি করে কিশোরগঞ্জের বৌলাই এলাকায় একটি পেট্রলপাম্প ও মাছের খামার নির্মাণ করছেন। স্থানীয় একটি পক্ষ তার সঙ্গে শত্রুতায় নেমেছে। কয়েক মাস আগে ওই পক্ষ পুলিশের কাছে তিনি মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিল। তখন বিষয়টি স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিতও করা হয়। এবারও ওই পক্ষই বর্তমান সময়ের পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুযোগ নিতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বি সিদ্দিকের উদ্ধৃতি দিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম বলেন, তিনি কখনো আইএসের নাম শোনেন নি। ইদানীং গণমাধ্যমে আইএসের নাম জানতে পারেন। তার এক মেয়ে বেসরকারি মেডিকেল শিক্ষার্থী ও ছেলে উচ্চমাধ্যমিকে পড়ে। তিনি কীভাবে এসব করতে পারেন?  নূরুল ইসলাম আরও বলেন, এ বি সিদ্দিককে হয়রানির জন্য যারা রামকৃষ্ণ মিশনে হুমকির চিঠিতে তাঁর নাম ব্যবহার করেছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করা হবে।

আরও পড়ুন