ফিলিপাইনের এক নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ এনে স্বামীর বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫-এর বিচারক তানজিলা ইসমাইলের আদালতে ভুক্তভোগী ওই নারী মামলাটি করেন।
বাদী ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় জবানবন্দি দিলে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য বিচারক ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত আসামিরা নাম রুহুল আমিন দেওয়ান। তিনি মিরপুরের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, বাদীর সঙ্গে আসামির ছোট ভাইয়ের ২০১৪ সালের ২ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর বাদীর স্বামী তাঁকে মিরপুরে রেখে কুয়েতে চলে যান। কুয়েতে থাকা অবস্থায় বাদীকে একা পেয়ে আসামি প্রায়ই উত্ত্যক্ত করতেন। সবশেষ গত ৪ জুন রাতে বাদীকে আসামি একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন রুহুল আমিন।
বাদী ভয়ে চিৎকার দিলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন। পরে আসামি আবারও গত ২০ জুন বাদীকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন এবং বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বাদীর পক্ষে আদালতে মামলা করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসীন।


