বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ

cross_fire_17118_1466649668জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সানোয়ার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, সানোয়ার ‘ডাকাত সর্দার’ ও ১৮ মামলার পলাতক আসামি।

গুলিবিদ্ধ সানোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক  হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার মধ্যরাতে সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী পুলিশ বক্সের অদূরে সড়কে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুধবার দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত পাঁচবিবির জয়পুরহাট-হিলি সড়কের  শিমুলতলী  পুলিশ বক্সের কাছে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে এ খবর জানতে পেয়ে পুলিশ  ঘটনাস্থলে  যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়লে ডাকাত সর্দার সানোয়ার গুলিবিদ্ধ হন। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।

ওসির দাবি, ঘটনাস্থল থেকে হাঁসুয়া, ছোরা-চাকু, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

সানোয়ার হোসেন জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিনশিরা গ্রামের  মেছের আলীর ছেলে।

তার বিরুদ্ধে পাঁচবিবিসহ আশেপাশের থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, অগ্নিসংযোগসহ মোট  ১৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন