বুধবার ৪ নভেম্বর ২০২৬

উত্তরায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬

photo-1466820754রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই টাওয়ারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মিজানুর রহমান (৫০), কামরুন্নাহার লতা (১৯), সালমা আক্তার (৩৩), রেজাউল করিম রানা (৩০) ও জসিম (২৪)। তাঁদের মধ্যে মিজানুর ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্সের সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। লতা এই কমপ্লেক্সের বিক্রয়কর্মী। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখানের প্রয়াত দিল মোহাম্মাদের মেয়ে। সালমা শেরপুরের আনিসুর রহমানের স্ত্রী। রানা ফরিদপুরের নগরকান্দার বাচ্চু মিয়ার ছেলে। জসিমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ছয়জনেরই মরদেহ আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইফতারের পর পরই ভবনের ক্যাপসুল লিফটের একটি তার ছিঁড়ে বিকট শব্দ হয়ে লিফটটি পড়ে যায়। ঘটনাস্থলে আগুন ধরে যায়। ওই সময় ভবনের নিচতলায় একটি ইফতার মাহফিল চলছিল।

রাজলক্ষ্মী কমপ্লেক্সের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, ২০১২ সালেও এই ভবনে একবার আগুন লাগে। তবে সেই সময় হরতাল ছিল বলে লোকজন কম ছিল। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর এবার তো ঈদ, তাই অনেক মানুষের সমাগম ছিল। তাই এত মানুষ হতাহত হলো।

ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মেল হককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি-অপারেশন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ইফতারের পর পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রথমে চারজন মারা গেলেও পরে আরো দুজন বেড়ে মোট ছয়জন মারা যায়।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন, রাজউক ও বুয়েটের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার জন্য ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।

আরও পড়ুন