দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশীকে গুলি করে খুন করে আরেক বাংলাদেশী। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে জোহান্সবার্গ শহরে এই ঘটনা ঘটে। তাদের দু’জনের বাড়িই সোনাইমুড়ি উপজেলায়। নিহত বেলাল হোসেন (৩৩) ছনগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন (২৯) ভানুয়াই গ্রামের চুক্ষু মিয়ার ছেলে।
নিহত বেলালের পিতা আবুল কাশেম জানান, সর্বশেষ মঙ্গলবার বিকেলে মুঠোফোনে ছেলের সাথে কথা হয় তার। এসময় বেলাল তাকে জানান যে, সোনাইমুড়ী ভানুয়ায় গ্রামের রুবেল গত এক বছর আগে ব্যবসা করবে বলে তার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। গত কয়েকদিন আগে ঐ টাকা ফেরত চাইলে রুবেল তাকে হত্যার হুমিক দেয়।
পরে ওইদিন রাতেই দক্ষিণ আফ্রিকায় বেলালের এক বন্ধু আবুল কাশেমকে ফোন করে জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়িতে বেলালকে গুলি করে পালিয়ে যায় রুবেল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাই আর কোন বাংলাদেশীর ক্ষতি করার আগে রুবেলকে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি করেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
পরিবারের ৬ বোন ও ২ ভাইয়ের মধ্যে বেলাল সবার বড় ছিল। পরিবারের সচ্ছলতা আনতে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যান বেলাল। আফ্রিকার জোহান্সবার্গ শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ২০০৬ সালের পর থেকে আর বাড়ি আসেনি। ঈদের পর বাড়ি এসে বিয়ে করার কথা ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।


