বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রিটেনকে অনুসরণ করে পদত্যাগ করুন: হাসিনাকে খালেদা

khaleda_547ব্রিটেনের দৃষ্টান্ত অনুসরণ করে এবং জনগণের কথা চিন্তা করে পদত্যাগ করুন। দেশে অবিলম্বে একটি নির্বাচন দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি জনগণের দ্বারা নির্বাচিত নন, সুতরাং পদত্যাগ করুন এবং জনগণের কথা চিন্তা করে নির্বাচন দিন। সেই নির্বাচনে জিতলে আমরা আপনাকে মেনে নেবো, আমরা জিতলেও আপনাকে মেনে নিতে হবে।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও গণভোটে পরাজিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

অ্যাব’র আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদার বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ ন হ আখতার হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমীন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া, জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন ডোনার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সদস্য সচিব হাসান জাফরি তুহিন।

আরও পড়ুন