রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টায় এ আগুন লাগে। তবে সকাল সাড়ে ৮টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভবনটির নিচতলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়া বিটিআই প্রিমিয়ার প্লাজার পাশের আরও কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পানি সরবরাহ শেষ হয়ে যাওয়ায় আগুন নেভানো ব্যাহত হচ্ছে। আশেপাশের বিভিন্ন ভবন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এনায়েত হোসেন জানান, ভবনের নির্মাণগত ত্রুটির কারণে ও এটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।
এছাড়া ওই ভবনটিসহ আশেপাশের ভবনে প্রবেশের সড়ক অত্যন্ত সংকীর্ণ হওয়ায় প্রাথমিক অবস্থায়ই দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা সফল হয়নি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা আরও জানান, ভবনের সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
এদিকে ভবনটির আশপাশের বাসিন্দারাও নিচে নেমে এসেছে বলে জানান তিনি।
তবে আগুনের সূত্রপাত ও হতাহত বিষয়ে এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে আশেপাশের কয়েকটি ভব্ন ও মার্কেটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুনের এ ঘটনায় বাড্ডায় উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। ফলে বিভিন্ন স্থানে অভিমুখি হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জানিয়েছে, পূর্ব পাশের ভবন গুলো থেকে পানি সরবরাহ করতে হচ্ছে বলে সড়কে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


