বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্বামীকে ছাড়া ঈদ করবেন মাহি

Mahi Opuচিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর সিলেটে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন। এখন আবার ছবির কাজে ব্যস্ততা। কোথাও কোথাও স্বামীকে নিয়ে শুটিংয়েও যাচ্ছেন। ঈদের বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে বিয়ের পর এবারের ঈদটি স্বামীর সঙ্গে করা হচ্ছে না তাঁর। মাহি ঢাকায় এবং স্বামী অপুর সিলেটে ঈদ করার কথা রয়েছে।

এ বিষয়ে মাহি বলেন, ‘এবারে ঈদটা আমি আমার মা-বাবার সঙ্গেই করব। এই ঈদ আমার জন্য একটু অন্য রকম, আমি শেষবারের মতো মা-বাবার সঙ্গে ঈদ করছি। কিছুদিন পর আমি শ্বশুরবাড়িতে চলে যাব। ঈদের পর সবার দোয়া নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব। অপু এ বছর ঈদ করবে সিলেটে। তবে কোরবানির ঈদ থেকে আমরা একসঙ্গে ঈদ করব।’

ছোটবেলার ঈদ নিয়ে মাহি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। ছোটবেলায় একা কোথাও বেরোতে দিত না। এমনকি স্কুলেও আম্মু আমাকে নিয়ে যেত। সব সময়ই চেষ্টা থাকত, কখন একা বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। অনেক চেষ্টা করে যদি আমি বেরোতে পারতাম, সেটাই আমার ঈদ হতো। জামা-কাপড় নিয়ে আমার কোনো বাড়তি আগ্রহ ছিল না। বাবা-মা, দাদা-নানা সবার কাছ থেকেই গিফট চলে আসত।’

পুরোনো দিনের কথা মনে করে একটু আফসোসও করলেন মাহি, ‘এখন আর ঈদের সেই মজাগুলো পাই না। সেভাবে যেখানে-সেখানে যেতে পারি না। এখন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই লোকজন জড়ো হয়ে যায়। নায়িকার সঙ্গে সেলফি তুলতে চায়। চাইলেও তো এখন আর নিজের ইচ্ছামতো ঘুরতে পারি না। এটা অনেক বেশি মিস করি।’

গত ২৫ মে কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। গণমাধ্যমে সবাইকে জানিয়ে বিয়ে করেছিলেন মাহি। কিন্তু বিয়ের একদিন পরই ফেসবুকে মাহির সঙ্গে তাঁর বন্ধু শাওনের কিছু ছবি ফেসবুক ও কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মাহি রাজধানীর উত্তরা থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন। পরে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ দুদিনের রিমান্ডে নেয়। গত ৩১ মে রিমান্ড শেষে শাওনকে আদালত আনা হয়।

আদালত শাওনকে কারাগারে পাঠিয়ে দেন। তখন শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন বলেছিলেন, ‘গত বছরে শাওন ও মাহির বিয়ে হয়েছিল। আদালতে বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়া হয়েছে।’

তবে পরে মাহি ও তাঁর কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনের পরিবারের মধ্যে সম্প্রতি সমঝোতা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাহরিয়ার ইসলাম শাওনের চাচা আবুল হাশেম।

আবুল হাশেম বলেন, ‘আমাদের ও মাহির পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। শাওনের বিরুদ্ধে মামলাটি মাহি শিগগির প্রত্যাহার করে নেবেন। আগামী ১৬ জুন শাওনের জেল থেকে বের হওয়ার কথা রয়েছে। সমঝোতার শর্ত অনুযায়ী শাওন জেল থেকে বেরিয়ে মাহির ক্ষতি হয় এমন কিছুই করতে পারবেন না। আর আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আমি দুঃখিত।’

আরও পড়ুন