বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতা রনি কারামুক্ত

Rony20160630120722ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত ও অস্ত্র মামলায় জামিনে কারামুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে রনির জামিনের নথি কারাগারে আসার পর তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি এবং একটি সিল ও নগদ ২৬ হাজার টাকাসহ রনিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত।

পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশিদ তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

এছাড়াও রনির কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।

গত ২৫ মে ভোটে প্রভাব বিস্তারের মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে রনির আপিল মঞ্জুর করে জামিনের আদেশ দিলেও অস্ত্র আইনের মামলায় তার জামিন নাকচ করে দিয়েছিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ।

পরে রনি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে গত ১৩ জুন হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে ছয় মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন এবং জামিন প্রশ্নে রুল দেয়।

এরপর ১৯ জুন অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ফলে মুক্তি পাননি রনি। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন রনি।

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আরও তিন মাস রনির জামিনের মেয়াদ বাড়ায়।

পরে তার আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আগে হাই কোর্ট রনিকে পুলিশ রিপোর্ট অথবা ছয় মাস, যেটি আগে হয় সে সময় পর্যন্ত জামিন দিয়েছিল। এর ভেতর পুলিশ রিপোর্ট হয়ে গেছে। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে দরখাস্ত দেওয়া হয়। আদালত তিন মাসের জন্য জামিনের মেয়াদ বর্ধিত করেছেন। ফলে তার মুক্তি পাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

আরও পড়ুন