‘ঢাকা কলেজে ছাত্রলীগ নেই’ কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে একথা বলা হলেও রাজধানীর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে সংগঠনের পরিচয়ে দিনের পর দিন গ্রুপিং-মারামারি চলছেই। গতকাল বুধবার জুনিয়র কর্মীদের হাতে মার খেয়ে আহত হয়েছেন ছাত্রলীগ নেতা শিহাব রানা আশরাফুল। এ নিয়ে এক মাসে দুইবার মারামারির ঘটনা ঘটলো ঢাকা কলেজে।
জানা গেছে, ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে এক গ্রুপের নেতা শিহাব রানা আশরাফুলকে পেটায় প্রতিপক্ষের জুনিয়র কর্মীরা। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গতকাল বুধবার রাতে নিউমার্কেটের কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিহাব রানা আশরাফুল জানান, বুধবার রাতে খাবার খেতে বিশ্বাস বিল্ডার্সের পাশের স্বাদ হোটেলে যান। খাবার শেষে হোটেল থেকে বের হলে হিরণ ভূঁইয়া-শেখ রাসেল-রাসেল মাহমুদ গ্রুপের জুনিয়র কর্মীরা অতর্কিতে আক্রমণ করে। এতে তিনি মাথায় ও মুখে মারাত্মক জখম হন। মারধরের এক পর্যায়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগও ছিনিয়ে নেয় বলে জানান আশরাফুল।
তবে হিরণ ভূঁইয়া ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। জুনিয়র ছেলেরা এটা করতে পারে। আর শিহাব রানার ছাত্রত্ব নেই।
এ বিষয়ে জানতে চেয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, এর আগে গত ১৬ জুন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের শিহাব রানা আশরাফুল গ্রুপের সঙ্গে হিরণ ভূঁইয়া-শেখ রাসেল, রাসেল মাহমুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ রুবেল, রহমতসহ ১৫-১৬ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনার দুইদিন পর ১৮ জুলাই মামলা দায়ের করা হয়। মামলায় শেখ রাসেল, রাসেল মাহমুদসহ মোট ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।


