বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী যাজক, পুরোহিত ও সেবায়েত খুনের ধারা ঘটনায় সংখ্যালঘু ধর্মযাজকদের একাকী চলাফেরা না করার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন। দেশব্যাপী সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বুধবার সংখ্যালঘু ধর্মীয় নেতাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশের রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সংখ্যালঘু ধর্ম যাজকদের একাকি সকাল-সন্ধ্যা হাটা চলা এবং চলা ফেরা না করার পরামর্শ দিয়ে সম্প্রদায়ের লোকজন নিয়ে চলার জন্য আহবান জানিয়েছেন। ডিআইজি মামুন বলেন, ‘ধর্মবর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক প্রচেষ্টায় জঙ্গি ও সন্ত্রাসীদেরকে সমাজ থেকে প্রতিহত করা সম্ভব।’ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর ময়মনসিংহে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য জেলার প্রতিটি ধর্মীয় উপসনালয় ও পূজা মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করার জন্য রেঞ্জ ডিআইজি ধর্মীয় নেতাদের পরামর্শ দিয়েছেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. প্রণব কুমার সাহা রায়, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, অচিন্ত ব্রহ্মচারী, বাবুল রায়, রবেন ব্যানার্জী, ব্রাদার অরিখ, নিরঞ্জন চক্রবর্তী প্রমুখ। সভায় জেলার বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডার পুরোহিত, সেবায়েত ও ফাদারসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


