বুধবার ৪ নভেম্বর ২০২৬

কার নামে কয়টি সিম জানা যাবে ৭ জুলাই থেকে

tarana sim_100160প্রতিটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে তা  আগামী ৭ জুলাই থেকে জানতে পারবেন গ্রাহকরা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতির বিষয়ে গত কয়েক দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারানা হালিম বলেন, ‘একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সেটি ৭ জুলাই থেকে প্রত্যেক অপারেটর খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের জানাবে। এরপর নিবন্ধিত সিমের সংখ্যা নিয়ে যদি গ্রাহকের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি তা সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরকে জানাতে পারবেন।’

সম্প্রতি ঢাকা ও ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত সিমসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তারানা হালিম বলেন, “আমাদের অনুরোধে পুলিশ দেশব্যাপী এসব অভিযান চালাচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করার কারণেই এখন এসব জালিয়াত চক্রকে ধরা সম্ভব হচ্ছে।

“এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা জালিয়াতি করছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা যাচ্ছে এসব ঘটনার সাথে রিটেইলাররা দায়ী। তবে এর সাথে যদি অপারেটরদের সংশ্লিষ্টতা থাকে তবে অবশ্যই জারিমানা করা হবে।”

সব অপারেটরকে তাদের রিটেইলারদের তথ্য বিটিআরসিকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

অপারেটরগুলোকে নিবন্ধিত সিমের সংখ্যাও লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন